সোমবার, ১৯ মে, ২০১৪

কথাবার্তা সাবধানে ... ...

"ছানাবড়া চোখ" শুনে পিচ্চিটা তাকালো,
বুঝে নাকি না বুঝে ও মাথাখানা ঝাঁকালো ...
মনে মনে শঙ্কায় ভাবলাম লে ঠেলা,
ভীমরুল জিজ্ঞাসা, থামবেনা এ বেলা।

বড়া কী? ছানা কী? চোখ হলো কানা কি?
কানা মানা জানা নাই? ছানা কি গো গাওয়া ঘি?
সুযোগের সন্ধানে, যেতে চাই সটকে,
গলা ছাড়্ বিটকেল! থাকিসনা লটকে।

আইসক্রিম গলা নাকি? যাবে গলে গরমে?
বিটকেলে ইট কই? খিল্ খিল্ চরমে।
চুপচাপ পড়ে থাকি, ঝিম মেরে মটকা,
রক্ষা কি আছে তায়, খো‌কা রাম ফটকা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন