বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪

খুকির সকাল

সাত সকালে চড়ুই পাখি, কিচির মিচির ডাকে,
ওঠ্ মা-মনি, পাঠশালা যা, খুকির বাবা হাঁকে।
ঘুম ঘুমেতে গড়ান দিয়ে, ঝামটা মারে মুখ,
উঠবো না না, ধ্যাত্তারিকা, ঘুমের মাঝে সুখ!

যাওতো তুমি! ইশ্কুলেতে আর যাবোনা আমি,
ওঠ্ এখনি, হাতমুখ ধোও, আর নয় শয়তানি।
চাওনা কেন সেথায় যেতে, খাও কি বকা রোজ?
আজই গিয়ে মিসের কাছে, নিচ্ছি আমি খোঁজ।

আমিই যাব তোমার ক্লাশে, সেটাই কি গো চাও?
শিখবো লেখা, ছবি আঁকা, টিফিন আমায় দাও।
এই না শুনে, উঠলো খুকি, রেডি হওয়ার তাড়া,
ভিষন মজার ইশ্কুল তাঁর, করবে না হাতছাড়া।

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪

ছাতা হারানোর দিনে ... ...

ছাতাটি থাকতো চুপচাপ শুয়ে,
গ্রীষ্ম, বর্ষা, শরতে,
নিশ্চিত মনে ভরসা ছিলেন,
স্মৃতির প্রতিটি পরতে।

মোদের জীবন করতে রঙীন,
থাকলেন সাদাকালো;
বটগাছ যথা, ছায়া শ্যামলিমা,
নিকষ আঁধারে আলো।

জলসিঞ্চনে সিক্ত কপোল,
হারানো ছাতার শূণ্যতায়,
মায়াহীন রোদে নিরূপায়ে বাড়ে,
অশ্বত্থ একা শ্মশ্রুধারায় ... ...

==
শব্দার্থ:
শ্যামলিমা - greenery, সবুজ আচ্ছাদন (?)
কপোল [ kapōla ] বি. গণ্ড, গাল। [সং. √ কপ্ + ওল]। ̃ কল্পনা বি. অবান্তর কল্পনা; গালগল্প। ̃ কল্পিত বিণ. মনগড়া (কপোলকল্পিত গল্প)।
অশ্বত্থ [aśbattha] বি. বড় গাছবিশেষ, পিপুল। [সং. ন + শ্ব + √ স্হা + অ]।
শ্মশ্রু [śmaśru] বি. 1 দাড়িগোঁফ; 2 (বাং.) দাড়ি। [সং. শ্মন্ + √ শ্রি + উ]। ̃মণ্ডিত, ̃ল, ̃শোভিত বিণ. শ্মশ্রুময়, দাড়িগোঁফে ঢাকা (শ্মশ্রুমণ্ডিত মুখমণ্ডল)।

ব্যাখ্যা:
ঠিক ৪ বছর আগে এই দিনে বাবাকে হারিয়েছিলাম ... ... শেষ বয়সে চুপচাপ শুয়ে বসে কাটালেও, আমার সমস্ত অর্জনের প্রেরণা ছিলেন উনি। ওনাকে হারিয়ে অনুভব করলাম মাথার উপর থেকে অন্যতম ভরসার ছাতা সরে গিয়েছে। বেচারা সারাজীবন আমাদের জন্য কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। বটবৃক্ষের মত ছায়া হয়ে ছিলেন। আজ নিজেকেই ধীরে ধীরে বটবৃক্ষ (অশ্বত্থ) ভূমিকায় নামতে হচ্ছে ...

সোমবার, ২৯ জুলাই, ২০১৩

খাদ্য বিষয়ক অক্ষমতা

পকেট যখন থাকতো ফাঁকা,
মনটা শুধু করতো খা খা,
রুচতো মুখে সব খাবারই,
হোক সে হোটেল কিংবা বাড়ি।

চাইলেও কি থাকতো উপায়,
খাইতে খাবার মন ভোলা,
মানিব্যাগের কয়টি টাকা,
বাস ভাড়াতে থাক তোলা।

চান্সটি পেলে হঠাৎ করে,
দাওয়াত কিংবা ফিস্ট হলে,
সাঁটিয়ে দিলাম উনিশ খানা,
পরটা আর চাপ গিলে।

কিংবা ঘরোয়ার খিচুড়ি,
একবারেতেই তিনটা ফুল,
চেটেপুটে সব খাওয়াতে,
পেটুক আমি হতাম কুল।

এমন করেই কাটলো সময়,
স্মৃতিময় সেই লোলঝরা,
বয়স ভারে, শরীর কাঁপে,
মানিব্যাগে নাই খরা।

পকেট এখন থাকছে ভরে,
চাইলে পারি তিন বেলা,
চাকুম চুকুম খাদ্য যত,
ভরতে পারে এই গলা।

হাসছে বুঝি ঐ বিধাতা,
পরিহাসটা অলক্ষ্যে,
কতই ব্যামো এই শরীরে,
ডায়েট করাই যে রক্ষে!

খাদ্য নিয়ে অক্ষমতা,
থেকেই গেলো সব কালে,
হইলো নাতো কোনোবারই,
টাইমিং যে ব্যাটে-বলে।

রবিবার, ৩১ মার্চ, ২০১৩

ইদানিং … … – ০২

এক রাতেতে বুড়িমারী,
          ফেরৎ আরেক রাতে,
নয়শ কিলোর বেশি ঘুরেও,
          হয়নি ব্যাথা দাঁতে।

অফিস বসে টুপছি এখন,
          পা ফুলে যে ঢোল,
কাজের চাপে চ্যাপ্টা চিড়ে,
          হচ্ছে মাথা ঘোল।

ভাবছি ছুটে কখন যাবো,
          গড়ান দেবো খাটটাতে,
টলছে মাথা, চোখের ব্যাথা,
          টনটনিয়ে ঘাড়টাতে।

ভাবছি বালিশ, একটু মালিশ,
          করতো যদি কেউ এসে,
নাক ডাকিয়ে, ঘুম যে দিতাম,
          ছড়ার নেশা যাক ভেসে।

==

ফাঁকিবাজি করতে পারলাম কৈ,
ডেকেছিলো মিটিং এক বদ ব্যাটা ঐ।

==

পাইতে সেবা কপাল লাগে,
আমার কপাল ঠকঠকা;
আদর সোহাগ মুখেই থাকে,
স্বার্থগুলো ফকফকা।

কী আর করা, মানতে হবে,
জীবন টাতো এইরকম;
মা-ভাই গুলো নাইতো কাছে,
কন্যা অবুঝ, দিল্ রহম।


===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম

শনিবার, ৩০ মার্চ, ২০১৩

স্মৃতিচারণ – ০৫

চোখ বুজে বসেছিনু, লম্বা যাত্রায়,
নাসিকার গর্জনে, ভিন্ন মাত্রায়;
কোত্থেকে হঠাৎ এক, অদ্ভুদ সুঘ্রান,
বরবাদ নিদ্রায়, অস্থির মন প্রাণ।

মনে হল আছে সে কি, স্পর্শের নিবিড়ে,
চোখ ভরে অশ্রুতে, অনুভব গভীর এ;
হাহাকার করে মন, আজ তুমি নাই হায়,
ভেসে যাই কত শত, স্মৃতির এক বন্যায়।

যদি দেখি চোখ ভরে, সবুজ এই প্রান্তর,
মনে পড় যে তুমি, বাঁধনের হে শেকড়;
কতবার চেয়েছিলে, ফিরতে যে এ বাড়ি,
হল না তো জীবনে, দিলে ওপারে পাড়ি।

অ্যাম্বুলেন্স যদি, দেখি কোনো রাস্তায়,
স্মৃতিগুলো অস্থির, মনে শুধু ধাক্কায়;
কি যে এক আক্ষেপ, পারিনি তো বাঁচাতে,
কার প্রিয় আজ হেথা, ছাড়ি পথ তড়িতে।

লেখাপড়া হোক আর, হোক সেটা প্রমোশন,
ছুটে গিয়ে বলি কারে, মিস করি যে ভীষন;
প্রেরণায় ছিলে মোর, চেপে নিজ কষ্ট,
কত কিছু বুঝি আজ, তুমি বাবা শ্রেষ্ঠ।


===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম

ইদানিং … …

আঁকে উদাসীনে এক, পল্লীর ও বালিকা,
কল্পনাতে রঙিন, সাদা কালো ছবিটা;
বাঁকগুলো নদী যেন, যৌবন উছলায়,
ষোড়শী নায়িকা সে, চোখ ফেরানো যে দায়।

কাঁখে কলস নিয়ে, জলকে যায় ঘাটেতে,
অপেক্ষায় উত্তাপ, শুয়ে হাসে খাটেতে;
কল্পনা চিরকাল, হয় বুঝি এরকম,
চিন্তায় শীতেও, গরম ঐ বেশরম! 

তরুণীরা চিন্তায়, কী ভাবে তা কে জানে,
কালা, বেঁটে, ভুড়িয়াল, কভু আসে কি মনে?
পেতে যদি চাও তব, এমন এক শ্রেয়শী,
মানিব্যাগ মোটা হলে, হতে পারে প্রেয়সী।


===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

ছড়ার মূল্যহ্রাস ঠেকাতে …

ছড়াগুলো মনে হয়, পাচ্ছে না বেশি দাম,
স্মরি তাই টেকনিক, ডায়মন্ড যে মহান
তাইতো ভাবছি, হবে চেপে ধরতে,
ডিমান্ড আর সাপ্লাই, মডিফাই করতে।

সাপ্লাই কমবে, দেড়দিনে একটা,
ডিমান্ডে ফলোয়ার, হীরকের ঝটকা।
স্টার সব লোকে লেখে, কত কত ছড়া রে,
ছড়িয়ে দেবো তা, ভাবে হামবড়া হে!

পাপারাজ্জি ভাড়াতে, নেবে কত স্ক্রিন শট,
প্রচারের ত্যানাতে, সবকিছু লাগে হট।
ছড়াবাজি ফরেভার, কত মান সম্মান,
স্পটলেস প্ল্যান এটা, কোলে ঝোল টেনে আন।


===
প্রথম প্রকাশ: প্রজন্ম ফোরাম